ছবির ক্যাপশন: .
>> নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না পেয়ে জসীম উদ্দীন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফ্য়সাল আহমেদ খোকন ও তার সহযোগীদের বিরুদ্ধে। গতকাল (শুক্রবার) বিকালে মোহনগঞ্জ পৌর শহরের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জসিম উদ্দিন মোহনগঞ্জ উপজেলার পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানী ঢাকায় ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন এবং পরিবার সহ ঢাকায় বসবাস করেন।
আহত জসিম উদ্দিনের স্ত্রী নিশা আক্তার বলেন, গত ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা খোকন জসিম উদ্দিনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। গত বৃহস্পতিবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন তারা। জুম্মার নামাজ শেষে মোহনগঞ্জ বাজারের পাথরঘাটা এলাকায় ইফতার কেনার সময় যুবদল নেতা খোকনসহ ১০-১২ জন মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় রামদা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জসিমকে গুরুতর জখম করে। পরে স্থানীয়া উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়।
এদিকে অভিযুক্ত যুবদল নেতা ফয়সাল আহমেদ খোকনের মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আহত জসিম উদ্দিনকে দেখতে গিয়েছিলেন, আহত জসিম উদ্দিনের স্ত্রীর সাথে কথা হয়েছে। অভিযোগ দিলে মামলা নেওয়া হবে বলেও জানান তিনি।
