ফের নিজের ভাষণে তরুণ প্রজন্মকে কাছে টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন চেন্নাইয়ে মেট্রোর নতুন ‘রুট’ উদ্বোধন করেন তিনি। এরপর জয়গোপাল গারোদিয়া হিন্দু বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভাষণ দেন মোদি। সেখানে সংক্ষিপ্ত ভাষণে বলেন, বিশ্বের জন্য অত্যন্ত জরুরি সমাধান সূত্রগুলি জেন জি-র কাছেই রয়েছে। এটাই তাদের জন্য ‘বৃহৎ পরিসরে ভবিষ্যৎ’ নিয়ে ভাবার উপযুক্ত সময়।
বিকশিত ভারত গড়তে জেন জি-কে আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “একটি উন্নত ভারতের জন্য প্রয়োজনীয় নতুন ধারণা ও সমাধান কেবল দেশেরই নয়, বরং সমগ্র বিশ্বের ভবিষ্যৎকেও গড়ে তুলবে।” যোগ করেন, “আজ বিশ্ব (একাধিক সমস্যার) সমাধানের পথ খুঁজছে, এই পথ দেখানোর সম্ভাবনা তোমাদের মধ্যেই রয়েছে। আমি চাই প্রত্যেক তরুণ তার ভবিষ্যৎকে এই বৃহত্তর প্রেক্ষাপটে দেখুক। কারণ এটাই তোমাদের সময়, এটাই তোমাদের সামনে সুযোগ।”
চেন্নাইয়ের ভাষণে বিখ্যাত তামিল কবি, স্বাধীনতা সংগ্রামী, সমাজ সংস্কারক চিন্নস্বামী সুব্রহ্মণ্য ভারতীকে স্মরণ করেন মোদি। তিনি বলেন, “তাঁর বাণী আমাদের নির্ভয়ে বাঁচতে অনুপ্রাণিত করে।” যোগ করেন, “আমি এখানে উপস্থিত তোমাদের সকলের কাছে আহ্বান জানাচ্ছি— নিজেদের নির্ভয় হয়ে ওঠার সুযোগ দাও। নিজেদের ধারণাগুলি নিয়ে কাজ করো। বড় স্বপ্ন দেখো, ভিন্নভাবে চিন্তা করো এবং নির্ভয় হও।” প্রধানমন্ত্রী আরও বলেন, আজ “ভারতের কাছে অসীম সুযোগ রয়েছে… এটাই তোমাদের সময়। আমরা সবাই মিলে স্বপ্ন সফল করবই।”
শনিবার এসআইআর-এর নামে ভোটচুরির অভিযোগে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল হয় দিল্লি। রবিবার ফের কংগ্রেস, সিজেপি নতুন করে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে। প্রশ্নফাঁসের পর নতুন করে রাজধানীর পথে নামছে জেন জিরা। এই অবস্থায় তরুণ প্রজন্মের প্রতি মোদির বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
