স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। প্রশাসনিক কাজে দীর্ঘসূত্রিতা ও কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। জনগণকে প্রশাসনিক হয়রানি ও দীর্ঘসূত্রিতা থেকে মুক্ত করতে হবে।
মঙ্গলবার রাতে নরসিংদীর মনোহরদী হিন্দুপাড়া সার্বজনীন দুর্গাবাড়ি পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের ট্যাক্স, শ্রমিকদের শ্রম এবং প্রবাসীদের ঘামঝরানো উপার্জনের অর্থে দেশের কার্যক্রম পরিচালিত হয়। তাই জনগণকে প্রয়োজনীয় সেবা দিতে প্রশাসনের সবাইকে দায়িত্বশীল হতে হবে। কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। সরকার জনগণের জন্য শান্তি ও স্বস্তি নিশ্চিত করতে চায়।
স্বাস্থ্যসেবা নিয়ে মন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আনা হবে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলার প্রতিটি ইউনিয়নে নতুন স্বাস্থ্যসেবা ভবন নির্মাণ করা হবে। এসব কেন্দ্রে এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে গ্রামের মা-বোনদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে সরকার কাজ করছে।
দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, এবারের পূজার আনন্দ-উৎসব ও মানুষের মনমানসিকতায় অসাম্প্রদায়িক চিন্তাধারার বহিঃপ্রকাশ ঘটেছে। স্বাধীনতার পর এবার সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এবার সরকার সর্বোচ্চ অনুদান দিয়েছে এবং পূজা উপলক্ষে শাড়িও উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী বাজার বণিক সমিতির সভাপতি কামরুজ্জামান বকুল, পৌর শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শিপন এবং মনোহরদী হিন্দুপাড়া সার্বজনীন দুর্গাবাড়ি মন্দিরের সভাপতি শ্যামল রায় ও সাধারণ সম্পাদক সুমন বর্মণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্য মন্ত্রী মনোহরদী পৌরসভার পাঁচটি পূজামণ্ডপে অনুদান প্রদান করেন। পরে পূজার উপহার হিসেবে শাড়ি বিতরণ করেন।
