ফরিদপুরের কোতোয়ালী থানাধীন কৈজুরী ইউনিয়নের আকইন গ্রামে পেঁয়াজের জমিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মাহাবুব মন্ডল (৩০) নামে এক যুবক ও তাঁর চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত মাহাবুবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রী সাথী বেগম (২৫) একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মাহাবুবের বাবা মো. ছিদ্দিক মন্ডল (৬৫) বাদী হয়ে ফরহাদ শিকদার ও তাঁর পরিবারের সদস্যসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে অভিযুক্তদের মধ্যে রয়েছেন ফরহাদ শিকদার (৫৫), তাঁর ছেলে রাকিব (২০), জনি শিকদার (২২), শাকিল (২০), রনি শিকদার (২৫) এবং একই এলাকার মৃত খয়েজ শিকদারের ছেলে মোহাম্মদ সিকদার (৫৫)।
এজাহার সূত্রে জানা গেছে, বাদীর বসতবাড়ির পাশেই অভিযুক্তদের বাড়ি। এ কারণে তাঁদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। সম্প্রতি বাদীর পেঁয়াজের জমিতে ক্রিকেট বল পড়া এবং এতে ফসল নষ্ট হওয়া নিয়ে বিরোধের সৃষ্টি হয়। মাহাবুব এতে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হন এবং তাঁকে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লোহার রড, জিআই পাইপ, ক্রিকেট ব্যাট ও স্টাম্প নিয়ে মাহাবুবদের বসতবাড়িতে প্রবেশ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ঘরের দরজায় মাহাবুবকে পেয়ে তাঁরা গালিগালাজ শুরু করেন। মাহাবুব প্রতিবাদ জানালে এক নম্বর অভিযুক্ত ফরহাদ শিকদারের নির্দেশে অন্যরা তাঁর ওপর হামলা চালান।
এ সময় কাঠের স্টাম্প দিয়ে মাহাবুবের মুখ ও নাকে আঘাত করা হয়। এতে তাঁর হাড় ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ক্রিকেট ব্যাট, লোহার রড ও জিআই পাইপ দিয়ে তাঁর পেট, উরু ও হাতে আঘাত করা হয়।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, স্বামীকে রক্ষা করতে চার মাসের অন্তঃসত্ত্বা সাথী বেগম এগিয়ে এলে তাঁকেও পেটে লাথি মেরে মাটিতে ফেলে মারধর করা হয়। এ সময় তাঁর শ্লীলতাহানিও করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী। এ ছাড়া হামলার একপর্যায়ে মাহাবুবের গলায় থাকা আট আনা ওজনের, আনুমানিক এক লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে মাহাবুবের পেটের ভেতরে রক্ত জমাট বাঁধার কারণে জরুরি অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর স্ত্রী সাথী বেগমও একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় কোতোয়ালী থানায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৩৭৯, ৫০৬(২) ও ১১৪ ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের তদন্তের সর্বশেষ অগ্রগতি জানা যায়নি।
The post ফরিদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ যুবককে কুপিয়ে জখমের অভিযোগ appeared first on ভোরের চেতনা.
