সৌদি আরবের চারটি অঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র চারটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়ে এ সতর্কতা জারি করে। বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
সতর্কতার আওতায় রয়েছে জাজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলের কয়েকটি এলাকা। এসব স্থানে মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব বাতাসের কারণে ধুলিঝড়ও সৃষ্টি হতে পারে।
জাতীয় আবহাওয়া কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, চারটি অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করতে পারে। ভারী বৃষ্টিপাতের ফলে এসব এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি বেড়েছে।
এ ছাড়া জাজান, আসির, আল-বাহা ও মক্কার কিছু অংশের পাশাপাশি পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশা পড়তে পারে। এতে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সৌদি আরবের বেশ কয়েকটি শহরে তাপমাত্রা বেশি থাকতে পারে। এর মধ্যে দাম্মামে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে। মক্কায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি এবং রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
মদিনায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং জেদ্দা ও জাজানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এ ছাড়া হেইলে ৩৩ ডিগ্রি, আরার, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস রয়েছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকাগুলোতে তুলনামূলক কম তাপমাত্রা থাকতে পারে। এসব এলাকার মধ্যে আভাতে ২৫ ডিগ্রি এবং আল-বাহাতে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আর্দ্রতার বিষয়েও তথ্য দেওয়া হয়েছে। আভা, আল-বাহা ও জাজানে আর্দ্রতা ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। অন্যদিকে জেদ্দা ও দাম্মামে ৮৫ শতাংশ এবং মক্কায় ৮০ শতাংশ আর্দ্রতা থাকতে পারে।
এ ছাড়া তাবুক, আরার ও সাকাকায় আর্দ্রতা ৭০ শতাংশ, মদিনা ও হেইলে ৫৫ শতাংশ, রিয়াদ ও নাজরানে ৩৫ শতাংশ এবং বুরাইদাহতে ৩০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এমএ
