টাঙ্গাইলের ধনবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি পরিবারের টিনশেড বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও মালামাল হারিয়ে বিপাকে পড়া পরিবারটির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনা খাবার, কম্বল, নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধনবাড়ী উপজেলার কেন্দুয়া বালাসূতি গ্রামের বাসিন্দা মো. শরীফ হোসেন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার দিকে বসতঘরে আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে ধনবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে টিনশেড ঘরটির অধিকাংশ অংশ এবং ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধনবাড়ী উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সহায়তার ব্যবস্থা করে। পরিবারটিকে চার বস্তা শুকনা খাবার, কম্বল, নগদ অর্থ ও ঢেউটিন দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী সরেজমিনে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতে সরকারি সহায়তা পাওয়ার জন্য প্রয়োজনীয় আবেদন করার পরামর্শ দেন।
অগ্নিকাণ্ডে বসতঘর ও ঘরের মালামাল হারিয়ে পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। তবে উপজেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবারটি।
