ডেঙ্গুর বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শ্রেণিকক্ষ, কার্যালয়, বারান্দা, ছাদ, শৌচাগারসহ প্রতিষ্ঠানের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে বলা হয়েছে।
সম্প্রতি অধিদপ্তরের জারি করা এক নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের এসব ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। নির্দেশনায় বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি অংশ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, যাতে কোথাও পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়। বিশেষ করে ছাদ, নালা, শৌচাগার, অব্যবহৃত পাত্র ও ভবনের আশপাশে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে। ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি কয়েকটি স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। এর মধ্যে রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মিরপুর বাংলা কলেজ রয়েছে।
এসব পরিদর্শনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সুস্থ পরিবেশে পাঠদানের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
নির্দেশনায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা, কোথাও পানি জমে থাকতে দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো এবং মশার প্রজননস্থল শনাক্ত করে তা ধ্বংস করার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।
একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে প্রতিষ্ঠানপ্রধানদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত নির্দেশনাটি অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিচ্ছন্নতা অভিযান নয়, নিয়মিত নজরদারি ও সবার অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্দেশনার যথাযথ বাস্তবায়ন হলে মশার প্রজননস্থল কমানো এবং শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে।
-20261023082457.jpg&w=1440&q=75)