সম্প্রতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে তিনি জৈনপুরী দরবার শরীফকে ‘জৌনপুরী’ হিসেবে উল্লেখ করেন। বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন রাশেদ, একটি ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান তিনি।
রবিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
তিনি লিখেছেন, ‘জৈনপুরী দরবার শরীফের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান অটুট রেখে, অনিচ্ছাকৃত উচ্চারণগত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার বক্তব্যে কোনো ধরনের অসম্মান প্রদর্শনের অভিপ্রায় ছিল না। বিষয়টি অনিচ্ছাকৃত ভুল হিসেবে বিবেচনা করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আমার যতটুকু জানার সুযোগ হয়েছে, জৌনপুরী ও জৈনপুরী—দুটো শব্দই সঠিক। তবে শব্দ দুটির সঙ্গে আমার কাজের সম্পৃক্ততা সীমিত ও পরিচিতি কম থাকায় জ্ঞাতসারবহির্ভূত উচ্চারণগত ভুল হয়েছে। আশা করি, ভবিষ্যতে এই শব্দ দুটি উচ্চারণে আরও সাবধানতা অবলম্বন করতে পারব, ইনশাআল্লাহ।’
রাশেদ খাঁন বলেন, ‘পরিশেষে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি চমৎকার আয়োজন ও আন্তরিকতার জন্য। ইসলামের খেদমতে তিনি যে সংগ্রাম করে যাচ্ছেন, তাঁকে যে বা যারাই কটাক্ষ করুক না কেন, এতে তাঁর কোনো ক্ষতি হবে না, ইনশাআল্লাহ। কেউ সঠিক পথে থাকলে শত প্রতিকূলতার মধ্যেও তাঁর বিজয় অনিবার্য।’