শারদীয় দুর্গাপূজার ছুটির পর আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে আবারও সোনা ও রুপার গহনা বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।
গত ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই দাম নতুন দর ঘোষণা না করা পর্যন্ত বহাল থাকবে।
বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা। ২১ ক্যারেটের রুপা ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬২৪ টাকায় বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, গহনা কেনার ক্ষেত্রে নির্ধারিত দামের সঙ্গে প্রযোজ্য ভ্যাট ও মজুরি যোগ হতে পারে। ফলে গহনার নকশা ও ধরন অনুযায়ী চূড়ান্ত মূল্য ভিন্ন হতে পারে।
