সংবাদ বিজ্ঞপ্তি · ১৭ অক্টোবর, ২০২৬ ৮:২৮ অপরাহ্ন
দ্বীন ও দুনিয়া সম্পর্কে সঠিক ধারণা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ঈমানি চেতনা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানিয়েছেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-ঊন-নূর। শিক্ষার উদ্দেশ্য কেবল জ্ঞান অর্জন নয়, বরং শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলা বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ হাফিজিয়া মাদ্রাসায় তাহফীজুল কুরআন শিক্ষাবোর্ড সিলেটের উদ্যোগে আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এক বিজ্ঞপ্তিতে তাহফীজুল কুরআন শিক্ষাবোর্ড সিলেটের সচিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দীন এ তথ্য জানান।
প্রধান অতিথির বক্তব্যে মুকতাবিস-ঊন-নূর বলেন, শিক্ষার্থীদের ঈমানি মজবুতি অর্জনে কোরআন-সুন্নাহর শিক্ষা, নিয়মিত আমল ও উত্তম চরিত্র গঠনে গুরুত্ব দিতে হবে। এর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, পাঠদানের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয় বাড়াতে হবে। দ্বীনি শিক্ষার প্রসারের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটাতে পারলে নৈতিকতাসম্পন্ন ও আদর্শ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।
বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর সভাপতিত্বে এবং সচিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দীনের পরিচালনায় সম্মেলনে সিলেট বিভাগের বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের প্রধান ও দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান আলোচক ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।
সম্মেলনে ‘আদর্শ হিফজুল কুরআন প্রতিষ্ঠান পরিচালনায় প্রতিষ্ঠান প্রধানদের ভুমিকা’ শীর্ষক আলোচনা পেশ করেন সৌদি দূতাবাসের দাঈ এবং কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।
সম্মেলনে আরও বক্তব্য দেন তাহফীজুল কুরআন শিক্ষাবোর্ড সিলেটের সাবেক চেয়ারম্যান হাফিজ আব্দুল হাই হারুন, ভাইস চেয়ারম্যান হাফিজ আনওয়ার হোসাইন খান, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি আব্দুস শাকুর, দি সিলেট ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহেদুর রহমান চৌধুরী এবং শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মজির উদ্দিন।
গুগলে আমাদের খবর পেতে
