প্রাক্তন প্রেমিকের হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন অভিনেত্রী নীতি টেলর। সম্প্রতি নিজের অতীত সম্পর্কের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, তার প্রাক্তন প্রেমিক তাকে চড় মারতেন, ধাক্কা দিতেন, এমনকি সিগারেটের ছ্যাঁকাও দিতেন।
‘গুলাম’, ‘বড়ে অচ্ছে লগতে হ্যায়’ এবং ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়াঁ’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন নীতি। অভিনেত্রী জানিয়েছেন, তার প্রাক্তন প্রেমিক প্রায়ই তার পোশাক নিয়ে প্রশ্ন তুলতেন। তার বন্ধুবান্ধব বা তিনি কোথায় যাচ্ছেন, সেই দিকে নজরদারি করতেন। সেই সময়ে বয়স কম থাকায় প্রেমিকের প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার এবং নিজের কাজের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেন নীতি।
এক সাক্ষাৎকারে নির্যাতনের একটি উদাহরণ দিয়েছেন নীতি। তিনি জানান, একবার প্রাক্তন প্রেমিকের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। কিন্তু সেখানকার পরিবেশ তার ভাল লাগছিল না। তাই বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বেরিয়ে আসার আগে প্রেমিককে বিদায় জানাতে গিয়েছিলেন তিনি। নীতি বলেন, 'আমার বন্ধুরা জানিয়েছিল, তারা গাড়িতে অপেক্ষা করছে। আমি যাওয়ার আগে ওকে বলতে যাই।'
অভিনেত্রীর অভিযোগ, বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার অনুমতি তো দেনইনি তার প্রাক্তন প্রেমিক, এমনকি বন্ধুরা তাকে বাড়ি পৌঁছে দেবেন বলার পরেও তিনি রাজি হননি। পরিস্থিতি আরও খারাপ হয় বাড়ির বাইরে। নীতির দাবি, সেখানে তার হাত ধরে টানাটানি করেন সেই প্রাক্তন। তাকে ধাক্কা দেন এবং চড় মারেন।
