The Sangbad · দেশ
নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ
১৫/১০/২০২৬

নভেম্বর মাসের মধ্যেই পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছে সরকার। সেই সঙ্গে আগামী ২০২৭ সালের জুন মাসের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি বা রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে প্রকল্পটির সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রাথমিক ভৌত ও পারমাণবিক বিক্রিয়ার (ক্রিটিক্যালিটি) পরীক্ষা সফলভাবে শুরু হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন ‘রোসাটম’-এর সঙ্গে আলোচনার ভিত্তিতে আগামী নভেম্বরের মধ্যেই এখান থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু করা সম্ভব হবে।প্রকল্পটির প্রযুক্তিগত নিরাপত্তা বিষয়ে সভায় বলা হয়, এটি ‘থার্ড জেনারেশন প্লাস’ প্রযুক্তির সর্বাধুনিক ও শতভাগ নিরাপদ একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কঠোর তত্ত্বাবধানে প্রতিটি স্তর বাস্তবায়িত হচ্ছে।বিদ্যুৎ উৎপাদনের বাইরেও নিউক্লিয়ার মেডিসিন সেবা জেলা পর্যায়ে পৌঁছে দেওয়া এবং দেশের প্রথম সমুদ্রভিত্তিক গবেষণা জাহাজ (রিসার্চ ভেসেল) নির্মাণের কার্যক্রমও এগিয়ে চলছে বলে সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের মাঝে বৈজ্ঞানিক মনোভাব বৃদ্ধিতে স্কুল ও কলেজ পর্যায়ে বিজ্ঞান মেলা আয়োজন এবং উদ্ভাবনী প্রযুক্তি বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়ার সুপারিশ করে কমিটি।বৈঠকে কমিটির সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামসহ সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, মো. আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কে এম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ ও মো. আব্দুল গফুর অংশ নেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗