
জালালাবাদ ডেস্ক : ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ নিয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০২৭ সালের এই পরীক্ষায় তিনটি সিলেবাসে পড়াশোনা করা তিন বর্ষের পরীক্ষার্থীরা অংশ নিতে পারবে। এর মধ্যে একটি নিয়মিত এবং দুটি অনিয়মিত বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। ফরম পূরণের জন্য পরীক্ষার্থীদের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। এর মধ্যে অন্তত ৬টি নির্দেশনা শিক্ষার্থীদের জন্য বেশি জরুরি। শনিবার (১৭ অক্টোবর) বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জাকির হোসেন স্বাক্ষরিত ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
এর পাঠ্যসূচিতে বলা হয়েছে, অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। আর নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু বলেন, আগে একটি বর্ষের সিলেবানে অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেত। এবার এসএসসিতে দুটি বর্ষের শিক্ষার্থীরা আলাদা সিলেবাসে এ সুযোগ পাচ্ছে।
