জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাদের কনটেন্টের পারফরম্যান্স মূল্যায়নের বহুল ব্যবহৃত পরিমাপক ‘রিচ’ (Reach) পদ্ধতিটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ অক্টোবর থেকে প্রথাগত রিচ পদ্ধতির পরিবর্তে কনটেন্টের আসল দর্শক উপস্থিতি হিসাব করতে ‘ভিউয়ারস’ (Viewers) নামক নতুন মেট্রিক চালু করা হবে। সম্প্রতি ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদিন একটি নির্দিষ্ট সময়ে একটি কনটেন্ট কতগুলো আলাদা অ্যাকাউন্টে পৌঁছাল, তা পরিমাপ করা হতো ‘রিচ’-এর মাধ্যমে। তবে নতুন নিয়মে ফটো, ভিডিও কিংবা রিলসের পারফরম্যান্স ও দর্শক সম্পৃক্ততার গভীরতা বিচারে ‘ভিউয়ারস’ সূচকটিকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে।
এই পরিবর্তনের ফলে প্রাতিষ্ঠানিক সংবাদমাধ্যম, কনটেন্ট ক্রিয়েটর, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ডিজিটাল মার্কেটিং পেশাজীবীদের প্রচারণার কৌশল পুনর্মূল্যায়ন করতে হবে। নতুন ব্যবস্থার সঙ্গে আগের পরিসংখ্যান সরাসরি তুলনা করা জটিল হতে পারে বিধায় পেজ পরিচালকদের পুরোনো তথ্য সংরক্ষণ এবং নতুন মেট্রিকের হিসাব পদ্ধতি বুঝে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ৩১ অক্টোবরের পর কনটেন্টের সাফল্য বিচারে ব্যবহারকারীদের পুরোপুরি নতুন এই ব্যবস্থার ওপরই নির্ভর করতে হবে।
