রাজবাড়ী সদরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরু আলম (২৮) নামে এক মোটেরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও আফরা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। রাজবাড়ীর গান্ধীমারা হাইওয়ে থানার ওসি নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত যুবক নুর কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাইপাড়া এলাকার সুতাইল গ্রামের সাকাউল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা পারভেজ খান জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পরপরই মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক নুর আলম গুরুতর আহত হন ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলচালককে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।’
