সংবাদ বিজ্ঞপ্তি · ১৭ অক্টোবর, ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ন
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সিলেটের জৈন্তাপুরে সুবিধাবঞ্চিত মানুষের হাতে শাড়ি ও ধুতি তুলে দিয়েছে সামাজিক সংগঠন জ্যোতি সিলেট। শুক্রবার বেলা ১১টায় উপজেলার চিকনাগুলের ঠাকুরের মাটি এলাকার শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পাত্র সম্প্রদায়ের শতাধিক দরিদ্র মানুষ বস্ত্র সহায়তা পান।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্যোতি সিলেটের চেয়ারম্যান জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন। বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ তাতে অংশ নেওয়ার সুযোগ পান। উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক দায়িত্ববোধ প্রকাশেরও উপলক্ষ। এ সময় আর্থিকভাবে অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান তিনি।
শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের প্রাক্তন সভাপতি রবেন্দ্র পাত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সিলেট বিভাগীয় শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা বেণু ভূষণ দাশ, লেখক ও শিক্ষক সঞ্জয় কুমার নাথ এবং বাংলাদেশ বেতারের শিল্পী ও সংগঠক প্রদীপ কুমার দে। স্বাগত বক্তব্য দেন সেবাশ্রমের সভাপতি অরবিন্দু পাত্র। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব সংগঠক হরি পাত্র।
বস্ত্র বিতরণ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করেন মিত্রা চক্রবর্ত্তী, জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন ও নাম উল্লেখ না করা আরেকজন ভক্ত। কর্মসূচি শেষে উপস্থিত পুণ্যার্থীদের আপ্যায়ন করা হয়।
গুগলে আমাদের খবর পেতে
