যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, আমরা চাই, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি তরুণদের মধ্য থেকে দক্ষ গবেষক, উদ্যোক্তা, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী ও সমাজনেতা তৈরি হোক। তাঁদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনেও কাজে লাগুক। আমাদের কার্যক্রম যেন শুধু আবেগনির্ভর না হয়; বরং পরিকল্পনা, দক্ষতা, পরিমাপযোগ্য ফলাফল ও দীর্ঘমেয়াদি জনকল্যাণের ভিত্তিতে পরিচালিত হয়।
তিনি আরও বলেন, আজকের সম্মেলন যেন শুধু আলোচনা ও আবেগের মধ্যে সীমাবদ্ধ না থাকে। প্রতিটি ইউনিটকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তব কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে আলোচনার সিদ্ধান্তগুলো কার্যকর উদ্যোগে রূপ নেয়।
ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইসলামী আদর্শের চর্চার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমাদের প্রত্যেকের জীবনে কুরআনের সঙ্গে গভীর সম্পর্ক থাকতে হবে। নিয়মিত সালাত, আত্মশুদ্ধি, অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার ও চরিত্রের উৎকর্ষ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবারকে অবহেলা করা যাবে না। স্ত্রী-সন্তানের হক আদায় করতে হবে, সন্তানদের নৈতিক ও ইসলামী শিক্ষায় গড়ে তুলতে হবে এবং পরিবারের কাছে নিজেদের উত্তম চরিত্রের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
তিনি বলেন, মানুষের সামনে ইসলামের কথা বলব, অথচ আমাদের আচরণে ইসলামের সৌন্দর্য প্রকাশ পাবে না—এটি হতে পারে না। আমাদের চরিত্রই হোক ইসলামের প্রথম দাওয়াত, আমাদের ব্যবহারই হোক সংগঠনের পরিচয়।
