Published on
:
1 min read
তুচ্ছ কারণ নিয়ে বিবাদের জেরে বেঘোরে প্রাণ গেল এক যুবকের। বাড়ির সামনে স্কুটার পার্কিং করা নিয়ে বন্ধুদের সঙ্গে বিবাদ হয় এক যুবকের। সেই সময়ে বন্ধুরা গুলি চালান বলে অভিযোগ। অমৃতসরের আনন্দ এভিনিউতে সেই বিবাদের সময়েই বন্ধুদের চালানো গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অমিত সাভারওয়াল (Amit Sabharwal)। বছর ২৭-এর অমিত একটি বেসরকারি সংস্থায় মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে বাড়ি ফেরার পরেই স্কুটার পার্কিং করা নিয়ে তাঁর সঙ্গে বন্ধুদের বিবাদ হয়।
জানা গিয়েছে, শুক্রবার, বন্ধুদের সঙ্গে পার্টি করার পরে, গভীর রাতে বাড়ি ফেরেন অমিত। তিনি তাঁর স্কুটারটি রেখেছিলেন বাড়ির সামনের রাস্তায়। এই নিয়ে আপত্তি জানান স্থানীয় বাসিন্দা তথা অমিতের প্রতিবেশী তিন বন্ধু। ওই নিয়ে মধ্যে বিবাদ চলার সময়ে গুলি চলে। তাতেই মৃত্যু হয় অমিতের।
এই নিয়ে গেট হাকিমা থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন অমিতের বাবা। পুলিশ সূত্রে খবর, যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তাঁরা তিন ভাই। অভি শাহ, সানি শাহ এবং ঋত্বিক শাহ ওই তিন জনই অমিতের বন্ধু ছিলেন বলেও জানিয়েছেন তাঁর বাবা। তাঁর দাবি, এলাকায় কারও সঙ্গে শত্রুতা ছিল না অমিতের। স্কুটার পার্কিং করা নিয়ে বিবাদের জেরে বন্ধুদের চালানো গুলিতে তাঁর ছেলের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
দেশি পিস্তল দিয়ে অমিতকে লক্ষ্য করে অভি নামে এক যুবক ৬ রাউন্ড গুলি চালান বলে অভিযোগ। অমিতের বাড়ির সামনেই ওই গুলি চালানো হয়। এর মধ্যে দু’টি গুলি লাগে অমিতের মাথায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
PS Gate Hakima of Commissionerate Police Amritsar, has promptly registered a case in connection with a firing incident in which one person lost their life. Special teams have been formed to trace the accused and continuous raids are being conducted to apprehend them. The accused will be arrested soon. #AmritsarPolice
— Commissionerate Police Amritsar (@cpamritsar) October 24, 2026
শনিবার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এই নিয়ে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তরা পলাতক। তাদের ধরতে অভিযান শুরু হয়েছে। সেই সঙ্গে ওই এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
