রবিবারই ‘বিগ বসে’র বাড়ি থেকে বাদ পড়েছেন অনুষ্কা। ‘ক্যুইন’কে নিয়ে চর্চার শেষ নেই। তারই মাঝে ‘বিগ বস বাংলা’র নতুন প্রোমো ঘিরে দানা বেঁধেছে চাপানউতোর। ক্রমশ অনুরাগীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে।
রবিবারের পর্ব শেষে সোমবারের ঝলক দেখানো হয়। তাতেই ‘বিগ বস’কে বলতে শোনা গিয়েছে, ‘জীবনের প্রতিটি অধ্যায় যে আমাদের ইচ্ছামতো শেষ হবে, তার কোনও নিশ্চয়তা নেই। কখনও কখনও পরিস্থিতি আমাদের থামতে বাধ্য করে। এই সিদ্ধান্ত নেওয়া ‘বিগ বসে’র কাছেও সহজ নয়।’ ‘বিগ বসে’র মুখে ঝিলমের নামও শোনা গিয়েছে।
তার আগে ‘বিগ বসে’র কনফেশন রুমে ভরত কল এবং জীতু কামালকে ডেকেও পাঠানো হয়। কনফেশন রুম থেকে ড্রয়িং রুমে ফিরে এসে সকলকে জড়িয়ে ধরেন জীতু। সেই সময় সকলের চোখের কোণে জল। দুর্নিবার এবং জীতুর সম্পর্ক তেমন ভালো না হলেও জড়িয়ে ধরেন তাঁরা। কাঁদতে দেখা গিয়েছে দুর্নিবারকেও।
এই প্রোমো দেখে অনেকেই ভাবছেন সোমবারও হয়তো এভিকশনের গেরোয় বাদ যাবেন কোনও সদস্য। হিন্দি ‘বিগ বসে’র ক্ষেত্রে এমন সপ্তাহের মাঝখানে এভিকশন খুবই স্বাভাবিক বিষয়। তবে কারও কারও মতে, কিছুই হবে না। হয়তো অযথা কৌতূহল বাড়াতে জীতু এবং ভরতকে কনফেশন রুমে ডাকা হয়েছে। আবার এভাবে কোনও নতুন টাস্কও শুরু হতে পারে। চলতি সপ্তাহে আবার জীতু ক্যাপ্টেন্সির জন্য নমিনেশন পেয়েছেন। সেক্ষেত্রে কোনও নতুন চমক থাকতে পারে। সোমবার কেউ বাদ পড়লে স্বাভাবিকভাবেই খেলার মোড় যে ঘুরে যাবে। আবার অন্য কোনও টাস্কের ক্ষেত্রেও তা-ই হবে। তবে যাই হোক না কেন, আপাতত এই প্রোমোর ফলে ‘বিগ বস বাংলা’ নিয়ে যে সাধারণ দর্শকমহলে উত্তেজনার পারদ চড়ছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
