দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং নতুন করে ৯৫০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এসব তথ্য জানানো হয়। এতে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮৫ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৭ জনে।
এ ছাড়া নতুন করে ৯৫০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ বছর সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনে।
বিআলো/শিলি