জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২০ অক্টোবর। ১৯৫৪ সালের এই দিনে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি সময়ের পরিক্রমায় দেশের সাংবাদিক সমাজের একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোকচিত্র প্রদর্শনী, নৈশভোজ, র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রাখা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী দিনে আজ কেক কাটার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব ভবনসহ পুরো এলাকায় বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নিতে ক্লাবের সদস্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
এর আগে প্রয়াত সদস্যদের স্মরণে বিশেষ সভা ও তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গত ৭ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে গত ১৬ ও ১৭ অক্টোবর দুই দিনব্যাপী ক্লাবের সদস্যদের শিশুদের জন্য আয়োজন করা হয় শিশু আনন্দমেলা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৮ অক্টোবর ক্লাবের সদস্যদের অংশগ্রহণে মিনি ম্যারাথনসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ধারাবাহিক এসব কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে জাতীয় প্রেস ক্লাব।
