দিনাজপুরে সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায়
-
মোসলেম উদ্দিন দিনাজপুর - আপডেট সময় ০১:৫১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী। পাঁচ দিনের পূজা-অর্চনা শেষে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। সিঁদুর খেলা, পূজা-অর্চনা, বিজয়ার প্রণাম ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার (২১ অক্টোবর) দিনাজপুরে শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) সকালে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টী এলাকার দুর্গাম-পে সিঁদুর খেলার আয়োজন করা হয়। এতে অংশ নেন সনাতন ধর্মাবলম্বী নারী ভক্তরা। দেবী দুর্গার কপাল ও পায়ে সিঁদুর পরিয়ে তাঁরা মায়ের আশীর্বাদ কামনা করেন। পরে একে অপরের কপাল ও মুখে সিঁদুর লাগিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন। এ সময় ঢাক-ঢোল, কাঁসর ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে ম-প প্রাঙ্গণ। সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবীকে বিদায় জানানোর মুহূর্তে নারী ভক্তদের চোখেমুখে ছিল আনন্দ ও বিষাদের মিশ্র অনুভূতি। একদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে মাকে বিদায় দেওয়ার বেদনাÑসব মিলিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় ম-পে। অনেক নারী ভক্তকে অশ্রুসিক্ত চোখে দেবীর সামনে প্রার্থনা করতে দেখা যায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার প্রতীক। প্রতি বছর শরৎকালে দেবীর আগমনকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। পূজার কয়েকটি দিন পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে আনন্দে কাটানোর পর বিজয়া দশমীতে দেবীকে বিদায় জানানোর সময় ভক্তদের হৃদয়ে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। ম-পে আসা নারী ভক্তরা জানান, দুর্গাপূজা তাঁদের কাছে শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আনন্দ, সম্প্রীতি ও মিলনেরও উপলক্ষ। সিঁদুর খেলার মধ্য দিয়ে তাঁরা দেবীর কাছে পরিবার-পরিজনের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে আগামী বছর আবারও যেন আনন্দের সঙ্গে দেবী দুর্গাকে বরণ করতে পারেন, সেই প্রার্থনাও জানান তাঁরা। বিজয়া দশমী উপলক্ষে সকালে দেবীর দর্পণ বিসর্জন ও বিজয়ার অঞ্জলিসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হয়। পরে বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ম-পগুলোতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হবে এবারের পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব। তবে ভক্তদের হৃদয়ে রয়ে যাবে উৎসবের স্মৃতি, আনন্দ ও আবেগ। বিদায়ের মুহূর্তে সবার কণ্ঠে ধ্বনিত হবে আগামী বছর আবারও দেবী দুর্গার আগমনের প্রত্যাশা, আসছে বছর আবার হবে, মা দুর্গার আগমন হবে।
ট্যাগস :
