কেন কিছু মানুষ ভারতের নেতিবাচক দিকগুলির উপরই বেশি মনোযোগ দেয়? সমাজমাধ্যমে এই প্রশ্ন তুললেন মুম্বই-নিবাসী এক জাপানি তরুণী। তাঁর যুক্তি, প্রতিটি দেশেই ভাল এবং মন্দ—উভয়ই থাকে এবং কোনও জায়গা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করলে দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন হতে পারে। বিষয়টি ব্যাখ্যা করে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তরুণী। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাপান থেকে ভারতে আসা ওই তরুণীর নাম হিকারারু-সান। আট মাস আগে মুম্বইয়ে এসেছেন তিনি। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম ভিডিয়োর মাধ্যমে ভারত সম্পর্কে নিজের ভাবনাগুলি তুলে ধরেছেন হিকারারু। তরুণী জানিয়েছেন, ভারত সম্পর্কে জাপান এবং অন্যান্য দেশের মানুষের কাছ থেকে তিনি প্রায়ই নানা পরামর্শ এবং সতর্কবার্তা পেতেন। এঁদের মধ্যে কেউ কেউ ভারতকে নোংরা হিসেবেও বর্ণনা করতেন। এ দেশের নেতিবাচক দিকগুলিই বড় করে দেখাতেন তাঁরা। কিন্তু তা ঠিক নয় বলেই মন্তব্য করেছেন জাপানি তরুণী।
হিকারারুর কথায়, ‘‘আমার মনে হয় প্রতিটি দেশেরই ভাল এবং মন্দ দিক থাকে।’’ কেন কিছু মানুষ কেবল এক ধরনের বিষয়বস্তুর উপর মনোযোগ দেন এবং তা অনলাইনে প্রচার করেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। হিকারারু জানিয়েছেন, ভারত নিয়ে সঠিক অভিজ্ঞতা পেতে হলে সমাজমাধ্যমের উপর ভরসা না করে সরাসরি এই দেশটি ঘুরে দেখার বা প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের উপর গুরুত্ব দেওয়া উচিত। তিনি উল্লেখ করেছেন, জাপানেও এমন অনেক জায়গা রয়েছে যা নোংরা। সেখানে বসবাস না করলে মানুষ হয়তো বিষয়টি বুঝতে পারবেন না। তিনি আরও জানিয়েছেন, ভারত বিশাল একটি দেশ এবং বসবাসের স্থানের উপর ভিত্তি করে মানুষের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। হিকারারু বলেছেন, ‘‘আমি মুম্বইতে থাকি। ভারত তো বিশাল এক দেশ। তাই আমার মনে হয়, অভিজ্ঞতাটা নির্ভর করে আপনি ঠিক কোন জায়গায় রয়েছেন তার ওপর।’’
ভারতে কাটানো সময়ের কথা বলতে গিয়ে হিকারারু জানান, ভারতের ছোটখাটো কিছু বিষয় তাঁকে অবাক করলেও, অনলাইনে বিভিন্ন পোস্টে যেমন অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়, তার মুখোমুখি তাঁকে হতে হয়নি। এ ছাড়া তিনি প্রশ্ন তোলেন, কেন ভারতকে সব সময় নেতিবাচক ভাবে উপস্থাপন করেন কিছু মানুষ। ভিডিয়োর ক্যাপশনে তরুণী লেখেন, ‘‘ভারতে আসার পর অনেক বিষয় সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে।’’ তিনি জানিয়েছেন, ভারত যে সত্যিই কতটা সুন্দর এবং চমৎকার একটি দেশ, তা তিনি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান।
হিকারারু ভিডিয়োটি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে ভিডিয়োটি। কেউ কেউ মত পোষণ করেছেন যে সব দেশেই ভাল এবং খারাপ—উভয় ধরনের মানুষই থাকে। ফলে কিছু ঘটনার ভিত্তিতে একটি সমগ্র দেশকে বিচার করা উচিত নয়। আবার অনেকে ভারতের বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য জাপানের ওই তরুণীর প্রশংসাও করেছেন।
