চম্পাহাটির বিখ্যাত ভুত বাংলো মণ্ডপEi Samay
Published on
:
1 min read
এই সময়, বারুইপুর: ভিড় সামলাতে না পেরে একাদশীর সন্ধ্যায় বন্ধ করে দেওয়া হলো দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটির আলোচিত পুজো মণ্ডপ। চম্পাহাটির জুনিয়র স্টাফ ক্লাবের এ বারের মূল আকর্ষণ ছিল ভূত বাংলোর আদলে তৈরি মণ্ডপ। পুজোর কয়েকদিন ধরেই এই মণ্ডপ দেখতে নেমেছিল মানুষের ঢল। সামাজিক মাধ্যমে তা ভাইরাল হতেই ভিড় আরও বেড়ে যায়।
বৃহস্পতিবার বিকেল থেকেই চম্পাহাটি রেলগেট পর্যন্ত লম্বা লাইন পড়ে যায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় মণ্ডপের প্রবেশপথ ঢেকে দেয় পুজো কমিটি। এতেই দর্শনার্থীদের সঙ্গে পুলিশের বচসা বাধে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মণ্ডপ দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। পুজো কমিটির কর্তা তথা চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিতবরণ মণ্ডল বলেন, 'গড়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ ভিড় করছেন। ভিড় সামাল দেওয়া আমাদের পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল। পুলিশ প্রশাসনের পরামর্শেই মণ্ডপ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাতেই প্রতিমা বিসর্জন করা হবে।' যদিও এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জ়োনাল) অতীশ বিশ্বাস বলেন, 'পুলিশ মণ্ডপ বন্ধ করেনি। কমিটিই বিসর্জনের কারণ দেখিয়ে মণ্ডপ বন্ধ করেছে।'
এই ভূত বাংলো মণ্ডপ ঘিরে পুজোর কয়েকদিন ধরেই চম্পাহাটিতে ছিল উৎসবের আমেজ। চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে বারুইপুর পুলিশ জেলার শীর্ষ কর্তারাও একাধিকবার মণ্ডপটি পরিদর্শন করেছেন। সেই সঙ্গে ভিড় নিয়ন্ত্রণের জন্য চম্পাহাটি এলাকায় নো এন্ট্রি করে দেওয়া হয়েছিল রাস্তায়।
