ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টিকারীরা দেশ এবং জাতির শত্রু বলে মনে করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, ধর্মীয় সংবেদনশীল বিষয়ে সহিষ্ণু আচরণ রাষ্ট্রীয় ঐক্যকে সুদৃঢ করবে। কোনো দায়িত্বশীল ব্যক্তির উচিত নয় ধর্ম নিয়ে বাড়াবাড়ি ও উত্তেজনা সৃষ্টি করে এমন কার্যক্রমে উৎসাহ প্রদান করা।
‘ধর্ম যার-উৎসব তার-রাষ্ট্র সবার’ এই মূলনীতি মেনে সকলকে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) রাতে ফেনী জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ফেনী শহরতলীর কুমিরা পূজামণ্ডপ, উত্তর খানেবাড়ী দুর্গা কালী মন্দির, মাষ্টার পাড়া গুরুচক্র মন্দির, বাঁশপাড়া দূর্গা মন্দির, কালিবাড়ী মন্দির, জগন্নাথ বাড়ী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি মন্দিরে আগত ভক্তদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন, পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও আয়োজকদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা যে যেই ধর্মের অনুসারী হই না কেন, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের অধিকার এক ও অভিন্ন। রাজনৈতিক ভাবেও কারও অধিকারে কোন তারতম্য নেই। রাষ্ট্রের দায়িত্ব হলো সে অধিকার সমুন্নত রাখা।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতাসীন গোষ্ঠী সবসময় নিজেদের কর্তৃত্ব ও প্রাধান্য প্রতিষ্ঠা করতে গিয়ে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে বলে মন্তব্য করেন তিনি। এবি পার্টির চেয়ারম্যান বলেন, ক্ষমতাকেন্দ্রিক এই কর্তৃত্বের সংঘাতে ধর্মীয় পরিচয়কে কখনো কখনো ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা হয়।
এসময় এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সহকারী প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক নুর নবী নয়ন, ফেনী জেলা আহ্বায়ক আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকি, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন আনসারী, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সদর উপজেলা আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান, এবি যুবপার্টির আহবায়ক শফি উল্যাহ পারভেজ, সদস্য সচিব এস এম ইব্রাহীম সোহা, জেলা প্রচার সম্পাদক হাবিব উল্যাহ মিয়াজীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও পূজামণ্ডপের নেতারা উপস্থিত ছিলেন।
