নিজস্ব প্রতিবেদক · ১২ অক্টোবর, ২০২৬ ১২:৫০ অপরাহ্ন
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯১ জনে।
আজ সোমবার (১২ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া শিশুটির বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলায়। সে ওই উপজেলার সুমন মিয়ার মেয়ে। গত ১০ অক্টোবর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ১০২ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪২৯ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন (যার মধ্যে ২ জন রুবেলা) এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছেন।
বিভাগে হামে আক্রান্ত হয়ে অদ্যাবধি মৃত ১৯১ জনের মধ্যে ১৮১ জন সন্দেহজনক হামে এবং ১০ জন নিশ্চিত হামে আক্রান্ত ছিলেন। জেলাওয়ারি হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেটে, মোট ৭৮ জন। এছাড়া সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ২৯ জন এবং মৌলভীবাজারে ১৫ জন মারা গেছেন।
সরকারি হিসাব মতে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ৭ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এবং সন্দেহজনক আরও ১২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫২১ জন সন্দেহজনক হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার বড় একটি অংশ ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
গুগলে আমাদের খবর পেতে
