প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতীয় গণমাধ্যমে তুলে ধরে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন নেত্রকোনার সাংবাদিক জাহিদ হাসান। চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘প্রকৃতি সংবাদে’ প্রচারিত প্রতিবেদনগুলোর মধ্যে অসাধারণ কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘সেরা প্রতিবেদক ২০২৬’ সম্মাননা দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।
গত ১৭ অক্টোবর ঢাকায় চ্যানেল আইয়ের নিজস্ব ভবনে আয়োজিত সাংবাদিকদের মহাসম্মেলনে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিশিষ্ট পরিবেশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ, গবেষক, সাংবাদিক এবং চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মনিরুল খান, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ড. ইশতিয়াক সোবহান, সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ, ইস্টার্ন ব্যাংকের এসইভিপি মো. আব্দুস সালাম, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান, বার্তা সম্পাদক মীর মাসরুর জামান এবং জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর (নিউজ) তারিকুল ইসলাম মাসুমসহ বিশিষ্ট ব্যক্তিরা।
সম্মাননাপত্রে উল্লেখ করা হয়, চ্যানেল আইয়ের ‘প্রকৃতি সংবাদে’ প্রচারিত প্রতিবেদনগুলোর মধ্যে অসাধারণ প্রতিবেদন উপস্থাপনের স্বীকৃতিস্বরূপ নেত্রকোনার জেলা প্রতিনিধি জাহিদ হাসানকে ‘সেরা প্রতিবেদক ২০২৬’ সম্মাননায় ভূষিত করা হয়েছে। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও সৃজনশীল সাংবাদিকতার মাধ্যমে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে তাঁর অবদানের ধারাবাহিকতা কামনা করা হয়।
সংশ্লিষ্টদের মতে, রাজধানীকেন্দ্রিক গণমাধ্যমের পাশাপাশি জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সাংবাদিকেরাও প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নদ-নদী ও হাওরের অস্তিত্বসংকট, পাহাড় ও বনভূমির বিপন্নতা, জীববৈচিত্র্যের ক্ষয়, কৃষি এবং গ্রামীণ জনপদের পরিবর্তনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় তাঁদের প্রতিবেদনের মাধ্যমে জাতীয় পর্যায়ে উঠে আসছে। তবে মাঠপর্যায়ে কাজ করা প্রকৃতি সাংবাদিকদের অবদানের স্বীকৃতি পাওয়ার সুযোগ তুলনামূলকভাবে সীমিত।
এমন প্রেক্ষাপটে জাহিদ হাসানের এই অর্জন তৃণমূল পর্যায়ের প্রকৃতি সাংবাদিকতার জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, জেলা ও তৃণমূল পর্যায়ের প্রকৃতি সাংবাদিকতায় এ ধরনের সম্মাননা এবারই প্রথম দেওয়া হয়েছে।
নেত্রকোনার নদ-নদী, পাহাড়ি জনপদ, গ্রামীণ জীবন, কৃষি এবং প্রাকৃতিক বৈচিত্র্য নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেদন তৈরি করে আসছেন জাহিদ হাসান। স্থানীয় পরিবেশের সংকট, প্রকৃতির পরিবর্তন এবং জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা জাতীয় গণমাধ্যমে তুলে ধরাই তাঁর সাংবাদিকতার অন্যতম লক্ষ্য।
প্রকৃতি ও পরিবেশবিষয়ক সাংবাদিকতা শুধু ঘটনাপ্রবাহ তুলে ধরার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জনসচেতনতা সৃষ্টি, পরিবেশবিনাশী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চ্যানেল আইয়ের ‘প্রকৃতি সংবাদে’ সেরা প্রতিবেদক হিসেবে জাহিদ হাসানের এই স্বীকৃতি তাঁর ব্যক্তিগত অর্জনের পাশাপাশি নেত্রকোনাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, এ ধরনের স্বীকৃতি তৃণমূল পর্যায়ে প্রকৃতি ও পরিবেশবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও উৎসাহিত করবে।
The post প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় সম্মাননা পেলেন নেত্রকোনার জাহিদ হাসান appeared first on ভোরের চেতনা.
