রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে অবরোধের কারণে আটকা পড়েছিলেন ২ হাজার ৯৩৩ জন পর্যটক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর স্কটের মাধ্যমে তাঁদের বাঘাইহাটের উদ্দেশে পাঠানো হয়েছে।
এর আগে সকাল ৬টার দিকে সাজেক পর্যটন সড়কের ১০ নম্বর এলাকায় টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করেন অবরোধকারীরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাজেকে অবস্থানরত পর্যটকদের ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশন পুনরায় অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণার ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এদিকে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাজেকে পর্যটকদের ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করেন বলে জানা গেছে।
বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারিকুল ইমরান জানান, উদ্ভূত পরিস্থিতির দ্রুত সমাধানে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সর্বদা সতর্ক রয়েছেন বলেও জানান তিনি।
অবরোধের কারণে সাজেকের স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় পর্যটকদের পাশাপাশি পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আলোচনার মাধ্যমে সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা।
The post সাজেকে অবরোধে আটকা ২৯৩৩ পর্যটক appeared first on ভোরের চেতনা.
