‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের বিশেষ মহড়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নীলফামারী কার্যালয়ের সহযোগিতায় কর্মসূচিগুলো বাস্তবায়ন করে।
জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনিম আওন। স্বাগত বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ পরিদর্শক খোরশেদ আলম, নীলফামারী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নীলফামারী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইব্রাহিম জুয়েল এবং জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
দিবসের কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি এবং দুর্যোগকালীন পরিস্থিতিতে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
