জয়পুরহাটের কালাই থানার ভেতরে কাঠের বাটাম নিয়ে প্রবেশ করে তিন পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে আসলাম হোসেন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চারটি সেলাই দিতে হয়েছে। আসলাম কালাই পৌর শহরের থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে।
গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কালাই থানা চত্বরের ভেতরে এ ঘটনা ঘটে। পরে পলাতক ওই যুবককে গ্রেপ্তার করেছে। বুধবার (২১ অক্টোবর) জয়পুরহাট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানায় প্রবেশ করেন আসলাম। পুলিশ সদস্যরা তার পরিচয় ও থানায় আসার কারণ জানতে চাইলে তিনি কনস্টেবল মো. মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে আঘাত করেন। রকি সরে যাওয়ায় আঘাতটি তার বাম চোয়ালে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে আটকানোর চেষ্টা করলে আসলাম ড্রাইভার কনস্টেবল মাসুদ রানার পিঠে আঘাত করেন। এ সময় আরেক পুলিশ সদস্য তাকে আটকাতে গেলে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে গুরুতর জখম হয়। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে কাঠের বাটাম ফেলে দৌঁড়ে থানা চত্বর থেকে পালিয়ে যান আসলাম।
আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে আসলাম হোসেনের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে একাধিক মামলা থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
কালাই থানার ওসি সাইদুল আলম বলেন, থানায় ঢুকে এক যুবক পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। ঘটনার সময় তিনি প্রতিমন্ত্রী মহোদয়ের ডিউটিতে ছিলেন। পরে অভিযান চালিয়ে আসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
