বার্সেলোনা মঙ্গলবার রাতে পার্ক দে প্রিন্সেসে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলবে। কিন্তু চলতি মৌসুমে যতগুলো জার্সি তারা পরেছে, তার কোনোটিই পরতে পারবে না তারা। গত মৌসুমের কমলা জার্সি পরতে হবে তাদেরকে।
উয়েফা ও সম্প্রচার স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠানের অনুরোধে দৃশ্যগত স্বচ্ছতার সমস্যা এড়াতে এই মৌসুমের ব্যবহৃত সবগুলো কিট পরিহার করছে তারা।
স্প্যানিশ সংবাদপত্র মুন্দো দেপোর্তিভো-র তথ্য অনুযায়ী, পিএসজির বিপক্ষে ম্যাচ চলাকালে দৃশ্যগত বিভ্রান্তি তৈরি হতে পারে, এই বিবেচনায় উয়েফা ও সম্প্রচার স্বত্ত্বাধিকারীর অনুরোধে বার্সার বর্তমান তিন কিটের পরিবর্তে গত মৌসুমের তৃতীয় জার্সি পরার সিদ্ধান্ত নিয়েছে হান্সি ফ্লিকের দল।
তাতে করে সংশ্লিষ্টরা নীল ও গাঢ় লালের সংমিশ্রণে তৈরি বার্সার মূল জার্সির পাশাপাশি বিকল্প দুটি জার্সিও বাতিল করেছে। কালো ও বেগুনির মিশ্রণে দ্বিতীয় জার্সি অনেকটা ফরাসি দলের জার্সির রঙের সঙ্গে মিলে যায়। উয়েফা ও সম্প্রচারকারীদের মনে হয়েছে, তৃতীয় জার্সির নীল রঙ ঘরে বসে টিভিতে দেখা দর্শকদের জন্য দৃশ্যগত সমস্যা তৈরি করতে পারে।
চলতি মৌসুমে এই প্রথমবার গত মৌসুমের কমলা জার্সি পরতে যাচ্ছে না বার্সা। ফ্লিকের দল প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে বাসেলের বিপক্ষে এই জার্সি পরেছিল। সেই ম্যাচে সেন্ট জ্যাকব পার্কে বাসেলকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছিল তারা।
এফএইচএম
