গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে জাকির হোসেন (৫০) নামের এক মসজিদের ইমামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী বাশার সিকদারের বিরুদ্ধে।
রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ডাঙ্গা মাজড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন ওই গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে একই গ্রামের বাশার সিকদারের সঙ্গে জাকির হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই শত্রুতাবশত রোববার ভোরে বাশার সিকদার ধারালো অস্ত্র দিয়ে জাকির হোসেনের ওপর অতর্কিত হামলা চালান এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত ও সংকটাপন্ন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ঘটনার খবর তারা পেয়েছেন। এ সংক্রান্ত লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত পরিচালনা করে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর
