আবুল হাশেম
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের দীঘির পাড় এলাকায় কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে দুটি এক্সক্যাভেটর পাওয়া গেছে। তবে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষিজমিতে পুকুর খননের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কৃষিজমিতে পুকুর খননের প্রমাণ মেলে। এ সময় স্থানীয় বাসিন্দাদের এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অনুমোদন ছাড়া কৃষিজমির উপরিভাগের মাটি কাটা এবং জমির শ্রেণি পরিবর্তন আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং কৃষিজমি সুরক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
