Published on
:
1 min read
সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্যু মালদার ইংরেজবাজার এলাকায়। রবিবার বাড়ির দোতলায় শোয়ার ঘর থেকেত তাঁর নিথর দেহ উদ্ধার হয়। মৃতের নাম পবিত্র কর্মকার (৪২)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন পবিত্র। পরে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারও হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও, হাঁটাচলা করতে পারলেও, কথা বলতে অসুবিধা হতো তাঁর। সিভিক ভলান্টিয়ার হিসেবে পাওয়া বেতনেই সংসার চলত। স্ত্রী ও এক কন্যাসন্তান রয়েছে তাঁর।
পরিবার সূত্রে খবর, বাড়ির লোকেরা একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন। পরে তাঁরা বাড়ি ফিরে দোতলার শোয়ার ঘরে বিছানায় পবিত্রর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মিল্কি ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কীভাবে মৃত্যু হলো পবিত্রর, তা নিয়ে প্রশ্ন উঠছে। শারীরিক অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব।
