Published on
:
1 min read
ভারতীয় মহাকাব্য এবার পৌঁছে যেতে চলেছে বিশ্বের আরও বিস্তৃত দর্শকমহলে। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ মুক্তি পেতে চলেছে বিশ্বের প্রায় ৪০টি ভাষায়। নির্মাতাদের লক্ষ্য, শুধু ভারতীয় দর্শক বা বিদেশে বসবাসকারী ভারতীয়দের মধ্যেই ছবির জনপ্রিয়তা সীমাবদ্ধ না রেখে বিশ্বের নানা প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যেই আন্তর্জাতিক বাজারে ছবির মুক্তি ঘিরে বড়সড় পরিকল্পনা করছেন নির্মাতারা।
প্রতিবেদন অনুযায়ী, ছবিটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৫ নভেম্বর, ২০২৬। তার আগে দশেরার দিন, অর্থাৎ ২০ অক্টোবর থেকে শুরু হবে অগ্রিম টিকিট বুকিং। মুক্তির দিনক্ষণ ঘোষণার পর থেকেই ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। তবে শুধু তারকাদের উপস্থিতি বা বিপুল বাজেট নয়, ‘রামায়ণ’-এর ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হতে চলেছে ছবির আন্তর্জাতিক পরিবেশনা এবং একাধিক ভাষায় ডাবিংয়ের পরিকল্পনা।
রামায়ণ’-কে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দিতে প্রায় ৪০টি ভাষায় ডাব করা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে ছবিটি দেখতে দর্শকদের শুধু সাবটাইটেলের উপর নির্ভর করতে হবে না। নিজেদের পরিচিত ভাষায় ছবির কাহিনি ও চরিত্রগুলির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন তাঁরা। কোন কোন ভাষায় ছবিটি ডাব করা হয়েছে, সেই সম্পূর্ণ তালিকা আগামী এক থেকে দু’সপ্তাহের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে
প্রযোজক নমিত মালহোত্রা ও তাঁর টিমের লক্ষ্য, ভারতীয় ছবির আন্তর্জাতিক মুক্তির ক্ষেত্রে একটি নতুন নজির তৈরি করা। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ছবিটির প্রচার ইতিমধ্যে আন্তর্জাতিক মঞ্চেও হয়েছে। ২০২৬ সালের সিনেমাকন এবং সান ডিয়েগো কমিক-কনের মতো বড় অনুষ্ঠানে ছবিকে তুলে ধরা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে সোনি পিকচার্স যুক্ত হওয়ায় বিদেশের বাজারে ছবিটি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নির্মাতারা বাড়তি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।
