Published on
:
2 min read
২০১১ সালে মুক্তি পেয়েছিল বিদ্যা বালন অভিনীত ‘দ্য ডার্টি পিকচার’। দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত সেই ছবি শুধু বক্স অফিসে সাফল্য পায়নি, নারী-যৌনতা, খ্যাতি এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও তৈরি করেছিল বিস্তর আলোচনা। এবার প্রায় ১৫ বছর পর সেই ছবির সিক্যুয়েল নিয়ে বড় খবর দিলেন প্রযোজক একতা কাপুর। ‘দ্য ডার্টি পিকচার ২’ তৈরির কথা নিশ্চিত করে তিনি জানিয়েছেন, অবশেষে এমন একটি গল্প খুঁজে পেয়েছেন, যা দর্শকদের সামনে তুলে ধরতে চান
রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে একতা কাপুর তাঁর আগামী ছবিগুলির পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে ‘দ্য ডার্টি পিকচার ২’-এর কথা জানান। প্রযোজকের কথায়, দীর্ঘদিন ধরেই এই ছবির সিক্যুয়েল তৈরির কথা ভাবছিলেন তিনি। কিন্তু এত দিন এমন কোনও গল্প খুঁজে পাননি, যা তাঁকে নতুন করে এই ছবির জগতে ফিরতে অনুপ্রাণিত করবে। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে।
একতা বলেন, 'আমি যে বড় ছবিগুলি তৈরি করছি, তার মধ্যে অন্যতম ‘দ্য ডার্টি পিকচার ২’। ১৫ বছর পর ছবিটি করার পরিকল্পনা করছি। এ বার আমার মনে হয়েছে, এমন একটা গল্প রয়েছে, যা আমি বলতে চাই।' অর্থাৎ, শুধুমাত্র আগের ছবির জনপ্রিয়তাকে কাজে লাগানো নয়, বরং নতুন করে বলার মতো একটি গল্প পেয়েই সিক্যুয়েলের কাজে এগোতে চাইছেন প্রযোজক। তবে সেই গল্পের বিষয়বস্তু কী, তা এখনও প্রকাশ্যে আনেননি তিনি।
‘দ্য ডার্টি পিকচার’-এর কেন্দ্রে ছিলেন দক্ষিণী ছবির পরিচিত মুখ সিল্ক স্মিথার জীবন থেকে অনুপ্রাণিত একটি চরিত্র। ছবিতে তাঁর ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা বালন। সঙ্গে ছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি এবং তুষার কাপুর। ২০১১ সালের ২ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটি বিদ্যার অভিনয়জীবনের অন্যতম উল্লেখযোগ্য কাজ হয়ে ওঠে। এই ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মানও পেয়েছিলেন তিনি।
তবে নতুন ছবিতে সিল্ক স্মিথার জীবনই আবার ফিরে আসবে, নাকি অন্য কোনও নারীর গল্প বলা হবে, তা এখনও স্পষ্ট নয়। একতা জানিয়েছেন, সিক্যুয়েলেও একজন মানুষের জীবনকাহিনিই থাকবে। কিন্তু সেই মানুষটি কে, তা নিয়ে এখনই কিছু বলতে চাননি তিনি।
