গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। এক সংক্ষিপ্ত বার্তায় জানানো হয়, দুপুর ১টা ৫৫ মিনিটে নাগাদ কারখানাটির আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ সকাল ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের পাওয়া যায়। পরে একে একে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।
এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম।
টঙ্গীর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে চেরাগ আলী এলাকার ওষুধ কারখানাটিতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। এর পর সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে ইউনিট সংখ্যা।
আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি, উত্তরা ফায়ার স্টেশন থেকে তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্ন থেকে চারটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিটসহ রাজেন্দ্রপুর এবং পূর্বাচল থেকেও কয়েকটি ইউনিট পাঠানো হয়।
এছাড়া মিরপুর থেকে একটি হ্যাজম্যাট টেন্ডার আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়।
বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সদস্যরাও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেন বলে জানা গেছে।
