কালবেলা · সাধারণ
বাসের ধাক্কায় সড়কে ঝরল বাবা-মেয়ের প্রাণ
২৪/১০/২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার দুই বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার মৌলুভির দোকান পাঠানিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. দেলোয়ার হোসেন (৩০)। তার মেয়ের নাম ওয়াসিফ (৪)। দেলোয়ার হোসেন সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম অভিমুখী একটি মিনিবাসের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারালে সেটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার দুই বছর বয়সী মেয়ের মৃত্যু হয়।
আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশের গাড়িতে হামলা চালানো হয় এবং আগুন নেভাতে ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়ি আটকে দেওয়ার ঘটনাও ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয় এবং যানচলাচল ব্যাহত হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, ‘দুর্ঘটনায় দুজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। বাসে আগুন দেওয়া, পুলিশের ওপর হামলা এবং ফায়ার সার্ভিসের কাজে বাধা দেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সরকারি কাজে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মূল প্রতিবেদনে যান ↗