স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল ‘স্ট্রিট ফাইটার’
জনপ্রিয় ভিডিও গেম অবলম্বনে নির্মিত সিনেমা ‘স্ট্রিট ফাইটার’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। স্টার সিনেপ্লেক্সের ঢাকা ও ঢাকার বাইরের শাখাগুলোতে চলছে সিনেমাটি। এতে রিউ, কেন মাস্টার্স ও চুন-লির পাশাপাশি ধালসিম চরিত্রে দেখা যাবে ভারতের অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়ালকে।
বিনোদন
বিনোদন ডেস্ক‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’, ‘রেসিডেন্ট ইভিল’ ও ‘ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস’ সিনেমাগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবার বড় পর্দায় এসেছে ক্যাপকমের জনপ্রিয় হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট গেম অবলম্বনে নির্মিত সিনেমা ‘স্ট্রিট ফাইটার’। আন্তর্জাতিক মুক্তির দিন থেকেই শুক্রবার দেশের প্রেক্ষাগৃহেও দেখা যাচ্ছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ছবিটি।
বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “শুক্রবার থেকে ঢাকা ও ঢাকার বাইরের স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে সিনেমাটি প্রদর্শন শুরু হয়েছে। গেমপ্রেমী ও তরুণ দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, টিকিটের চাহিদা বাড়বে বলে আশা করছি।”
১৯৯৪ সালে কাইলি মিনোগ ও জঁ-ক্লদ ভ্যান ড্যাম অভিনীত সংস্করণের দীর্ঘদিন পর নতুন এই চলচ্চিত্রটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে পর্দায় উপস্থাপন করা হচ্ছে।
এতে নোয়া সেন্টিনিও ও অ্যান্ড্রু কোজির পাশাপাশি সবুজ চামড়ার আইকনিক চরিত্র ব্ল্যাঙ্কার ভূমিকায় দেখা যাচ্ছে জেসন মোমোয়াকে।
‘ব্যাড ট্রিপ’খ্যাত কিতাও সাকুরাইয়ের পরিচালনায় নির্মিত সিনেমাটিতে অ্যাকশনের পাশাপাশি রয়েছে পরাবাস্তবতা ও হাস্যরসের উপাদান।
সিনেমার গল্পের প্রেক্ষাপট গড়ে উঠেছে ১৯৯৩ সালকে কেন্দ্র করে। রিউ ও কেন মাস্টার্স—একসময়কার ঘনিষ্ঠ দুই মার্শাল আর্ট যোদ্ধা—পরস্পরের থেকে দূরে সরে যাওয়ার পর রহস্যময়ী চুন-লি তাঁদের আবার লড়াইয়ের ময়দানে ফিরিয়ে আনে।
তাঁরা অংশ নেন ‘ওয়ার্ল্ড ওয়ারিয়র টুর্নামেন্ট’ নামের এক প্রাণঘাতী আন্তর্জাতিক প্রতিযোগিতায়। প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি নিজেদের অতীত ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের মুখেও পড়তে হয় তাঁদের।
দক্ষিণ এশীয় দর্শকদের জন্য সিনেমাটির বড় আকর্ষণ ভারতের জনপ্রিয় অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়ালের উপস্থিতি। ‘ভারতের যোগী’খ্যাত ধালসিম চরিত্রে দেখা যাবে তাঁকে।
নির্মাতা ১৯৯০-এর দশকের আর্কেড গেমের নস্টালজিয়া, লাইভ-অ্যাকশন ফাইটিং মুভির আবহ এবং উজ্জ্বল রঙের ব্যবহার দিয়ে গেমটির পরিচিত পরিবেশ আধুনিক দৃশ্যায়নে পর্দায় তুলে ধরেছেন।
বাংলাদেশ জার্নাল/এনএম