এসএমএসে ডাকা চুয়েট উপাচার্যের সিন্ডিকেট সভা বর্জন শিক্ষকদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফুল আলমের ডাকা ১৪৫তম জরুরি সিন্ডিকেট সভা বর্জন করেছেন শিক্ষক....
বাংলাদেশ
প্রতিনিধিচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফুল আলমের ডাকা ১৪৫তম জরুরি সিন্ডিকেট সভা বর্জন করেছেন শিক্ষক প্রতিনিধিরা। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউস থেকে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর উপাচার্য মুঠোফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে এই সভা আহ্বান করেন। এসএমএসে সভা ডাকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক নেতারা। তারা জানান, ক্যাম্পাসে বর্তমানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি এবং অসহযোগ আন্দোলন চলছে, যৌক্তিক কারণেই তারা সভায় যোগ দেননি।
উল্লেখ্য, এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি পাহারায় উদ্ধার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন উপাচার্য শরীফুল আলম।
শিক্ষক প্রতিনিধিরা না থাকলেও সভায় শিক্ষা মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয় এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ পাঁচজন সিন্ডিকেট সদস্য অংশ নেন। ক্যাম্পাসের চলমান অচলাবস্থা নিরসন ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অংশীজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত হয়।
এ ছাড়া দ্রুত একটি টেকসই সমাধান বের করতে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে একটি নিরপেক্ষ ও উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি বা পরামর্শক দল গঠনের আনুষ্ঠানিক সুপারিশ করেছে সিন্ডিকেট। সভায় নীতিগত কোনো বড় সিদ্ধান্ত না হলেও উপাচার্যকে সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
বাংলাদেশ জার্নাল/ওএফ