চট্টগ্রামসহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। এবার সেই উৎসবে যোগ হচ্ছে বাড়তি আনন্দ। দুর্গাপূজা পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সন্ধ্যায় মহানবমীতে নগরের জেএমসেন হলে আসবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনে খুশি সনাতনীরা। কারণ দেশে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন পূজামণ্ডপ পরিদর্শনে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজ সাজ রব নগরে। বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার সব রকমের প্রস্তুতি সম্পন্ন।
অপরদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আনন্দিত নগরবাসী ও মহানগর বিএনপি ও পূজা উদযাপন পরিষদের নেতারা।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন। তার আগমনে সনাতনীরা উচ্ছসিত এবং আমরাও খুব আনন্দিত। সবাই মিলে আমরা তাকে বরণ করব।
মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বলেন, আমরা এবার অত্যন্ত আনন্দিত এবং খুশি। কারণ চট্টগ্রামে আমাদের এই পূজামণ্ডপে প্রথমবারের মত বাংলাদেশর কোনো প্রধানমন্ত্রী আসছেন। প্রধানমন্ত্রীকে বরণে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন।
এদিকে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলাবাহিনী। জেএমসেন হলসহ আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধসহ সাবির্ক ব্যবস্থাপনার কাজ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা আশাকরি যাতে করে সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করতে পারি। প্রধানমন্ত্রীকে বরণে নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক নগরী হিসেবে সাজিয়ে তোলা হয়েছে। নগরের সৌন্দর্যবর্ধন, সড়ক উন্নয়ন, ঐতিহাসিক স্থাপনার সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া জেএম সেন হলের আমূল পরিবর্তন করা হয়েছে।’
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহানবমীতে আনন্দ, উৎসব ভাগাভাগি করতে চট্টগ্রাম আসছেন। আমাদের সনাতনী সম্প্রদায় তারা কিভাবে উৎসব করছেন এবং তারা কেমন আছেন খোঁজখবর নিবেন। সেই লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
সিএমপি পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, চট্টগ্রাম মহানগরীতে প্রধানমন্ত্রীর আগমন ও জেএমসেন হল পরিদর্শনকে কেন্দ্র করে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসআরবি-৭ এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।
এদিকে সব প্রস্তুতি শেষে এখন প্রধানমন্ত্রীকে বরণ করার অপেক্ষায় বন্দর নগরী চট্টগ্রাম। জেএমসেন হলে এ আয়োজন ঘিরে সকলের প্রত্যাশা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যরে বার্তা ছড়িয়ে পড়বে দেশজুড়ে।
সুপ্রভাত/আরবি/এনএস
The post উৎসবে বাড়তি আনন্দ—প্রধানমন্ত্রীর অপেক্ষায় চট্টগ্রাম appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
