তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম উৎসাহিত করতে বৃত্তি, ফেলোশিপ ও বিশেষ অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নির্দেশনার পর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আগ্রহীদের নীতিমালার শর্ত অনুসরণ করে দ্রুত অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে গবেষণার জন্য ফেলোশিপ বা বৃত্তি প্রদান এবং উদ্ভাবনীমূলক কাজের জন্য অনুদান প্রদান সম্পর্কিত (সংশোধিত) নীতিমালা-২০১৬ অনুযায়ী এ সহায়তা দেওয়া হবে। আইসিটি খাতে নতুন গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন ও বিশেষ কাজের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান ও ফেলোশিপ দেওয়া হবে।
আগ্রহী আবেদনকারীদের [ims.ictd.gov.bd](https://ims.ictd.gov.bd) ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো কাগজের আবেদনপত্র জমা নেওয়া হবে না। পাশাপাশি আইসিটি বিভাগের নীতিমালা অনুযায়ী যোগ্য নয়, এমন কোনো আবেদন বিবেচনা করা হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের এ সুযোগ কাজে লাগাতে উদ্বুদ্ধ করার জন্য বোর্ডের আওতাধীন সব মাদ্রাসার প্রধান ও পরিচালনা কমিটিকে প্রয়োজনীয় প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার।
