বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কোনো দেশ বা জনগোষ্ঠীকে আত্মসমর্পণে বাধ্য করা যায় না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ বিভেদকে শত্রুপক্ষের লক্ষ্য অর্জনের সুযোগ হিসেবে উল্লেখ করে জাতীয় ঐক্য ও সংহতি জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, “বোমা ও ক্ষেপণাস্ত্র দিয়ে কোনো সমাজকে আত্মসমর্পণে বাধ্য করা যায় না। তবে আমরা যদি বিভক্ত হয়ে পড়ি এবং নিজেদের ভেতরেই বিভেদ তৈরি হয়, তাহলে শত্রু তার লক্ষ্য অর্জন করবে।”
তিনি আরও বলেন, সামনে যেসব কঠিন পরিস্থিতি আসতে পারে, তা মোকাবিলায় জাতীয় সংহতি ও ঐক্য জোরদার করার উপায় খুঁজে বের করতে হবে। একই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিকূলতার মোকাবিলা করতে হবে।
পেজেশকিয়ানের এই বক্তব্যে সামরিক চাপের মুখে ইরানের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তার মতে, দেশের জনগণের মধ্যে বিভেদ তৈরি হলে তা শত্রুপক্ষের জন্য সুবিধা সৃষ্টি করতে পারে।
