সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ এসব মাদকের আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঘোনা বিওপির একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান চালায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ঘোনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬/১৩-এস থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা শ্মশানঘাট এলাকা দিয়ে ভারত থেকে মাদক পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল কৌশলে ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম ভারতীয় ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, দেশের তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির দাবি, মাদকবিরোধী এ অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।
