মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের কালেক্টরেট কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সারোয়ার।
অনুষ্ঠানের শুরুতে লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্যোগে আত্মরক্ষা এবং দ্রুত উদ্ধারকাজ পরিচালনার কৌশল প্রদর্শন করে। মহড়ায় ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদে অবস্থান নেওয়া এবং বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের ব্যবহারিক পদ্ধতি তুলে ধরা হয়।
মহড়া শেষে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সামিমুল ইসলাম।
বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব না হলেও সচেতনতা, পূর্বপ্রস্তুতি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো যায়। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি প্রতিটি পরিবার থেকে শুরু করতে হবে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানোর মাধ্যমে একটি টেকসই ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তাঁরা বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ মোকাবিলার কৌশল ও সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, দুর্যোগের সময় কী করতে হবে এবং কীভাবে নিরাপদে থাকতে হবে, সে বিষয়ে আগাম ধারণা থাকলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
কর্মসূচি বাস্তবায়নে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্কাউটস, রোভার স্কাউটস ও গার্লস গাইডের লালমনিরহাট ইউনিটের স্বেচ্ছাসেবীরা সক্রিয় ভূমিকা পালন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
The post লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত appeared first on ভোরের চেতনা.
