
গ্রাহকদের প্রিমিয়াম জীবনযাপন, ভ্রমণ, খাবার ও লেনদেনে বাড়তি সুবিধা দিতে ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড চালু করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকার লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কার্ডটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নাজমুল হুদা সরকার এবং কার্ড বিভাগের প্রধান মো. আবেদ-উর-রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিডল্যান্ড ব্যাংক জানিয়েছে, নতুন কার্ডটির মাধ্যমে গ্রাহকেরা সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণসীমা এবং সর্বোচ্চ ৪৫ দিন সুদমুক্ত লেনদেনের সুবিধা পাবেন। এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষার সুবিধা, প্রতিটি খরচে আট গুণ পুরস্কার পয়েন্ট, দ্বৈত মুদ্রায় লেনদেন, আন্তর্জাতিক বিমানবন্দর ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুযোগ এবং বিমানবন্দরে যাতায়াতের বিশেষ সেবা থাকছে।
কার্ডধারীরা দেশজুড়ে বিভিন্ন বিক্রয়কেন্দ্রে ছাড় ও কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধাও পাবেন। পাশাপাশি সর্বোচ্চ ১৯ হাজার পুরস্কার পয়েন্টের স্বাগত উপহার, বার্ষিক ফি মওকুফ, বিনা মূল্যে বুফে খাবার ও হোটেলে থাকার সুবিধা এবং ভ্রমণসংক্রান্ত বিভিন্ন অফার রয়েছে। নির্বাচিত শীর্ষস্থানীয় হোটেলে বছরজুড়ে একটি কিনলে এক, দুই বা তিনটি বিনা মূল্যে পাওয়ার অফারও উপভোগ করতে পারবেন গ্রাহকেরা। এসব সুবিধা প্রযোজ্য শর্তসাপেক্ষে দেওয়া হবে।
কার্ডটিতে সর্বোচ্চ ৯৫ শতাংশ পর্যন্ত অর্থ স্থানান্তর, বিমা, অনলাইন কেনাকাটা, শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন, ইউটিলিটি বিল ও মোবাইল রিচার্জের সুবিধা রয়েছে। গ্রাহকেরা মিডল্যান্ড অনলাইন সেবার মাধ্যমে কার্ড পরিচালনা করতে পারবেন। এ ছাড়া এনএফসি প্রযুক্তিনির্ভর স্পর্শবিহীন লেনদেনের সুবিধাও থাকছে।
প্রযোজ্য শর্তসাপেক্ষে বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মতো নির্বাচিত মোবাইল আর্থিক সেবা থেকে বিনা মূল্যে কার্ডে অর্থ যোগ করার সুবিধাও দেওয়া হবে।
ব্যাংকটি জানিয়েছে, নতুন এ কার্ড চালুর মাধ্যমে তাদের কার্ডসেবা আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে গ্রাহকদের আধুনিক, সুবিধাজনক ও বাড়তি মূল্য সংযোজিত ব্যাংকিং সেবা দেওয়ার প্রচেষ্টা আরও এগিয়ে যাবে।
অর্থসূচক/
The post মিডল্যান্ড ব্যাংকের ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড চালু appeared first on অর্থসূচক.
