লোকসংগীতের পথিকৃৎ শিল্পী হালিম বয়াতীর ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৩০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মরণোৎসব। ওই দিন বিকেল ৩টায় টিএসসির পায়রা চত্বরে শুরু হবে এই আয়োজন। এতে থাকবে আলোচনা সভা, বাউল গানের আসর এবং হালিম বয়াতীকে নিয়ে একটি স্মারকগ্রন্থের প্রকাশনা।
অনুষ্ঠানের আলোচনা পর্বে অংশ নেবেন লেখক ও গবেষক শফিকুর রহমান চৌধুরী, আলোকচিত্রী নাসির আলী মামুন, লেখক ও গবেষক তপন বাগচী এবং সায়মন জাকারিয়া। এ ছাড়া শিল্পীর ছেলে নিশানে হালিম এবং তার শিষ্য লাল মিয়া বয়াতী ও নজরুল বয়াতী অনুষ্ঠানে স্মৃতিচারণ করবেন। আলোচনা সভা শেষে পরিবেশিত হবে বাউল গানের আসর।
সাধক হালিম নামে পরিচিত হালিম বয়াতী বিচারগানের পথিকৃৎ হিসেবে বিবেচিত। তার পাঁচ হাজারের বেশি গানের সংকলন ‘হালিম সংগীত’ নামে পরিচিত। মাত্র সাত বছর বয়সে গান গাওয়া শুরু করেন হালিম বয়াতী। আধ্যাত্মিক দর্শন, ধর্মীয় আচার-অনুশীলন ও দেশাত্মবোধ নিয়ে গান রচনা করার পাশাপাশি মুক্তিযুদ্ধেও সক্রিয় অংশ নিয়েছিলেন এই লোকসংগীতশিল্পী। লোকসংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে বাংলা একাডেমি থেকে সম্মানসূচক ফেলোশিপ পান তিনি। এ ছাড়া তাকে কবি জসীমউদ্দীন গবেষক স্বর্ণপদকও দেওয়া হয়। ২০০৭ সালের ২১ ফেব্রুয়ারি মারা যান এই গুণী শিল্পী।
