আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও আনুষ্ঠানিকভাবে অবসর নেননি জাহানারা আলম। লাল-সবুজের প্রতিনিধিত্ব করে শেষবারের মতো মাঠে নামার আকাঙ্ক্ষা রয়েছে সাবেক এই অধিনায়কের। জাতীয় দলের জার্সিতে তাকে সর্বশেষ দেখা গেছে প্রায় দুই বছর আগে।
মানসিক স্বাস্থ্যের কথা জানিয়ে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর পর অস্ট্রেলিয়ায় পাড়ি জমান জাহানারা। সেখানে ক্লাব ক্রিকেট খেলে যাচ্ছিলেন তিনি। এর মধ্যে গত বছরের ডিসেম্বরে নিজের সঙ্গে ঘটে যাওয়া মানসিক ও যৌন হয়রানির ঘটনা প্রকাশ্যে আনেন এই ক্রিকেটার। এক বছর না পেরোতেই এবার নতুন বোর্ডের কাছে জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু গণমাধ্যমকে বলেন, ‘সে অনেকদিন আগে বলেছিল ফিরতে চায়, বোর্ডকে জানিয়েছে। সে দেশের হয়ে আবার খেলতে চায়। এখন খেলতে হলে সাধারণত যেসব প্রসেস আছে, সেটা অনুসরণ করতে হবে। ঘরোয়াতে খেলতে হবে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। এরপর নিয়মিত পারফরম্যান্স করতে হবে। বাকিটা সিলেক্টরদের ব্যাপার।’
জাহানারার জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রসঙ্গে নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেন, ‘আমরা তাকে ওয়েলকাম করব ফিরতে চাইলে। অনেকদিন যেহেতু আন্তর্জাতিক ম্যাচ খেলেনি জাহানারা, সেই কারণে তাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। এরপর ঘরোয়াতে পারফর্ম করতে হবে। তার স্কিল কেমন আছে দেখতে হবে, ভালো করলে বিবেচিত হবে। এ ছাড়া সামনে ঘরোয়া খেলা রয়েছে দল তো ঠিক। বিসিবি দেখবে তাকে কোন দলে দেবে, তবে আগে তো তাকে ফিরতে হবে।’
এমএমটি
-20261016082949.jpg&w=1440&q=75)