সৌদি আরবগামী সব ফ্লাইট আগামী ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। আজ সোমবার (১২ অক্টোবর) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।
বার্তায় ইউএস-বাংলা জানায়, রিয়াদ এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস৩৮১/বিএস৩৮২ (ঢাকা-রিয়াদ-ঢাকা) সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারিত হলে সংশ্লিষ্ট যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
এছাড়া আপাতত বিমানবন্দরে যাওয়া থেকে বিরত থাকতে এবং ফ্লাইটের স্ট্যাটাস, পুনরায় টিকিট বুকিং, সর্বশেষ তথ্য জানতে যাত্রীদেরকে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট সেলস কাউন্টার অথবা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এদিকে রিয়াদের বর্তমান পরিস্থিতির কারণে গত ৩ দিনে বাংলাদেশ থেকে রিয়াদগামী ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছেন, হুথি হামলার কারণে শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, সৌদিয়ার তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট। এসব ফ্লাইটের মোট যাত্রী ছিলেন ৩৪৩১ জন।
সংশ্লিষ্ট সংবাদ: ইউএস-বাংলা এয়ারলাইন্স
১৭ জুলাই ২০২৬
১২ অক্টোবর ২০২৩
