নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টায় নলডাঙ্গা উপজেলার শাখাড়িপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।
দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন- শাখাড়িপাড়া এলাকার মো. কামরুল ইসলামের ছেলে মো. সাব্বির হোসেন (২৪) এবং একই গ্রামের মৃত ওবায়েদের ছেলে মো. রাজু আহমেদ (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা করে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান মাহমুদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, সামাজিক শৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে নলডাঙ্গায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর
